গোমতী নদীর চরে মাটিকাটা খাদে ডুবে কিশোরের মৃত্যু

গোমতী নদীর চরে মাটিকাটা খাদে ডুবে কিশোরের মৃত্যু

ছবি : প্রতীকি

ফুটবল খেলার সময় গোমতী নদীর চরের খাদে পড়ে জিসান নামে ১৩ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলি এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে এ ঘটনা ঘটে।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম। 

জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মো. সুমন মিয়ার ছেলে, বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকে। আমতলীতে তার মামা মাসুম মিয়াদের বাড়িতে বেড়াতে আসে জিসান।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেরিবাধে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় জিসান। এ সময় মাটি ব্যবসায়ীদের কেটে নেওয়া জমির খাদে ফুটবলটি পড়ে যায়। জিসান ফুটবলটি আনতে ওই খাদে ঝাঁপ দেয়। গভীরতা টের না পাওয়ায় ফাঁদে পড়ে জিসান তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসী এসে দেখে জিসান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন টানা ২ ঘণ্টা ওই খাদটিতে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে জিসানকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, জিসান নামে ওই কিশোর ফুটবল খেলতে গিয়ে খাদের পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক্বাকের মৃত ঘোষণা করে।  জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।