কুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের বিভাগগুলো। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৪৪০টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ইউনিটে আবেদন করেছিলেন মোট ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৬ হাজার ৭৫৮ জন, অনুপস্থিত ছিলেন সাত হাজার ৩৫ জন। এর ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৭০.৪৩ শতাংশ।
কুবি কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়।
এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের মূলপর্ব শেষ হলো।