বৃক্ষরোপণে অফুরন্ত সওয়াব
প্রতিকী ছবি।
গাছ পৃথিবীর শোভা। মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিহার্য। গাছ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি।
আর আমাদের শরীর থেকে যে কার্বন ডাই-অক্সাইড বের হয়, তা শুষে নেয়। এভাবে গাছ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, পরিবেশে ভারসাম্য আনে। একটি গাছ বাতাস থেকে ৬০ পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং ১০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে। আর যেখানে গাছ বেশি থাকে সেখানে বৃষ্টিও বেশি হয়। গাছ থেকে আমরা কাঠ পাই, যা দ্বারা আসবাবপত্র তৈরি করি। ঔষধি গাছ থেকে আমরা ওষুধ বানাই। ফুলগাছ আমাদের আঙিনা সুন্দর করে; রংবেরঙের ফুল আমাদের হৃদয়কে রাঙিয়ে দেয়। বিভিন্ন মৌসুমে নানা রকম ফলের স্বাদে-ঘ্রাণে আমরা বিমোহিত হই। এ ছাড়া আমরা আরও কত শত উপকার লাভ করি গাছ থেকে। মোটকথা পৃথিবী বসবাস উপযোগী থাকা ও মানুষের জীবনধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গাছ।
ফলে ইসলাম গাছ লাগানোর প্রতি অনেক বেশি উৎসাহিত করেছে, এমনকি একে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করেছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহ শস্যবীজ ও আঁটি বিদীর্ণকারী। তিনি প্রাণহীন বস্তু হতে প্রাণবান বস্তু নির্গত করেন এবং তিনিই প্রাণবান বস্তু হতে নিষ্প্রাণ বস্তুর নির্গতকারী। হে মানুষ! তিনিই আল্লাহ। সুতরাং তোমাদের বিভ্রান্ত করে কোন অজ্ঞাত দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আর তিনিই ওই সত্তা, যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর আমি তা দ্বারা সব ধরনের উদ্ভিদের চারা উদগত করেছি, তারপর তা থেকে সবুজ গাছপালা জন্মিয়েছি, যা থেকে আমি থরে থরে বিন্যস্ত শস্যদানা উৎপন্ন করি এবং খেজুর গাছের ফল-ভারে ঝুলন্ত কাঁদি থেকে পানীয় নির্গত করি এবং আমি আঙুর বাগান উদগত করেছি এবং জয়তুন ও আনারও।