বিজয় উৎসবে পাবনায় বিজয় উল্লাস
ছবি: পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি :বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস। করোনা মহামারির কারণে এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। বিজয় দিবস বাঙালি জাতির জীবনে আলাদা তাৎপর্য আর আবহ নিয়ে এসেছে। একদিকে করোনার সংক্রমণ আর অন্যদিকে ভাস্কর্য ইস্যু-সব ছাড়িয়ে দেশপ্রেমী জনতা হাতে ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায়।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা উপেক্ষা করে অনেকে এসেছেন শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে। হানাদারদের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে বিজয়ের এইদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন তারা। নতুন প্রজন্মের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা। গায়ে লাল-সবুজের কাপড় জড়িয়ে শহীদ বেদিতে ফুলের অর্ঘ দিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বিজয় দিবসের প্রথম প্রহরে মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায় পুষ্পার্ঘ্য অর্পন করে জেলা প্রশাসন। সেখানে জড়ো হয় হাজারো মানুষ। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ মিনিট থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায় শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
ক্রমান্বয়ে পাবনা শ্রদ্ধাঞ্জলি অর্পন করে জেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে পাবনা জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রদল, পাবনা প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।