ইরেশের বিরুদ্ধে মামলা যা বললেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মাহফুজ আলম শ্রাবণের হত্যায় জড়িত থাকায় আসামি করা হয়েছে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে। অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলার খবর প্রচারের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
অভিনেতার সহকর্মীদের দাবি তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যুদ্ধ হয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তবুও অভিনেতার বিরুদ্ধে মামলায় ক্ষোভে ফুঁসছেন ঢালিউড তারকারা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইরাশের আন্দোলনের সময় লেখা পোস্ট এবং কিছু ছবি ভাইরাল হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ মামলাগুলো বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা তা ক্ষতিয়ে দেখা উচিত। বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় নাই। যে যার মতো করে মামলা করতে পারে।’
উপদেষ্টা যোগ করেন, ‘এখানে অনেক হয়রানিমূলক, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখলের জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত পরিতাপের বিষয়। মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার প্রচেষ্টা করছি। এখন এতো মামলা হচ্ছে, এতে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন,’ইরেশ জাকেরসহ কিছু কিছু মামলা হয়েছে। আমি আপনাদের অনুরোধ করবো যারা মামলা করেছে তাদের খুঁজে বের করে সবার সামনে উন্মোচন করেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সারাক্ষণ চিন্তা করছি। প্রয়োজনের আইনগত পরিবর্তন আনতে হলে চেষ্টা করবো।’
আদালাত সূত্রে জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেতাকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন।