ঠাকুরগাঁওয়ে ট্রাক-বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল ) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর মোড় এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক।
আহতরা হলেন— ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মকবুল হোসেন (৪৫), খায়রুন নাহার (৪০), আবিনা (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আশা (৩২) ও তার ছেলে আসিফ (১২), আরাজী পাইকপাড়া গ্রামের আব্দুল সাত্তার (৪০), পঞ্চগড় সদর উপজেলার কহরপাড়া গ্রামের মো. আসাদ (৪৫), একই জেলার জিয়াবাড়ি গ্রামের আবু তালেব (৩৫) এবং রংপুর সদর উপজেলার কামারপাড়া এলাকার মো. আলম (৪৫), সিও বাজার এলাকায় জসিম (৩৫)। তাৎক্ষণিকভাবে আরও ৫ জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী এক বালুবোঝাই ট্রাকের সামনের চাকা হঠাৎ ফেঁটে যায়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীত দিক থেকে আসা রংপুর-ঠাকুরগাঁও রুটের বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।