মুন্সিগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ফাইল ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমাম হোসেন নয়ন (২৫)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে। তিন ভাইয়ের মধ্যে নয়ন সবার ছোট।

পড়াশোনার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতো সে।

বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে গজারিয়া উপজেলার চর রমজানবেগ গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল তিনটার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মে দিবসের ছুটিতে অফিস বন্ধ থাকায় সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে মিনি কক্সবাজার খ্যাত নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় আসেন তিনি।

এ সময় বিকাল তিনটার দিকে গোসল করতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হয় সে। তার সাথে থাকা বন্ধুরা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর চর রমজানবেগ গুচ্ছগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত কুমার জানান, খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।