ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
ছবি : প্রতীকি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ হেফাজতে নেয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোনো সাড়া-শব্দ মেলেনি।
পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।