বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে এক সন্তানের জননী
প্রেমিকের বাড়িতে গত তিনদিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত তিনদিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী।
শনিবার (৩ মে) বিকেলে অনশনরত তানজিলা বেগম স্থানীয় সংবাদকর্মীদের বলেন, গত ২৯ এপ্রিল শামিমের সঙ্গে তিনি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যান। ঢাকার সদরঘাটে পৌঁছে শামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে কৌশলে সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের ঝুমকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি নিজ গ্রামে ফিরে শামিমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। তবে প্রেমিক শামিম খান আত্মগোপনে থাকায় বিষয়টির কোনো সমাধান হয়নি।
তিনি আরও বলেন, তানজিলা বেগম বিয়ের দাবিতে শামিমদের বাড়িতে অনশনে থাকায় তাকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।