টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা
ছবি: সংগৃহীত
২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। খেলছিলেন শুধু ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে। এ দুই ফরম্যাটেই ভারতের অধিনায়কও ছিলেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে আর দেখা যাবে না রোহিতকে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত।
গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারত হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন রোহিত। কিউইদের কাছে সে সিরিজ হারের পরই মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড় থেকে ছিটকে যায় ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার সিরিজেও ভারত হারে।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। তখনই ধারণা করা হয়েছিল অবসর নিবেন রোহিত। তবে তখন বিদায় জানাননি রোহিত। এদিকে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখা যাবে কি না তা নিয়ে শঙ্কা ছিল।
এসব শঙ্কার মাঝে আজ আচমকাই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। ইন্সটাগ্রামে দেওয়া এক স্টোরিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
ইন্সটাগ্রামে দেওয়া স্টোরিতে নিজের টেস্ট ক্যাপের এক ছবি দিয়ে রোহিত লিখেছেন, ‘সবাইকে আমি শুধু এটুকু জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয় ছিল। এতগুলো বছর ধরে সবাই আমাকে যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’
স্ট ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাবেন বলেও জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করে যাবো।’
ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রানের। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল।
চলমান আইপিএল শেষে ইংল্যান্ডে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করায় যখন তাঁকে নিয়ে সমালোচনা হচ্ছিল, তখনই এ ফরম্যাটে আরও খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন রোহিত। তবে আসন্ন ইংল্যান্ড সফরে তিনি ভারতের অধিনায়ক থাকবেন কি না তা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল বেশ। ভারতের নির্বাচকরা তার উপর আর ভরসা রাখতে চায় না এমন গুঞ্জণও ছিল। এরই মাঝে আচমকাই অবসরের ঘোষণা দিলেন রোহিত।