ফেনীতে ট্রেনের ধাক্কায় শিক্ষক নিহত
ছবি : প্রতীকি
ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. ইসরাফিল (৮৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক।
বুধবার (৭ মে) রাতে ফেনী রেলস্টেশন এলাকার হক ডেকোরেটরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মোজাম্মেল হোসেন জানান, গত দু’দিন আগে চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইসরাফিল ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানু জমাদার বাড়ি থেকে ফেনী শহরের নাজির সড়কে ছেলের বাসায় আসেন। সন্ধ্যায় হাঁটতে বের হয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করা হয়।
মো. ইসরাফিল বানু জমাদার বাড়ির মরহুম নজির আহাম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন।
পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিশ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। তখন কোনো স্বজন বা শনাক্তকারী না থাকায় ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল হোসেন জানান, মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যুর ডায়েরি হয়েছে। লাশ স্বজনরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।