রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ

ফাইল ছবি

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আট আসামির ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবনের সাজা বহাল থাকবে কি না সে বিষয়ে আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট।মঙ্গলবার (১৩ মে) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

 এর আগে বৃহস্পতিবার (০৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
 
ওইদিন আদালত জানিয়েছিলেন যে, রায় পড়া শেষ হবে মঙ্গলবার। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কি না জানাবেন।

আদালতে সেদিন উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির ও এস এম শাজাহান।

২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ আটজনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন ও অনেকে আহত হন।