শিবলির সেঞ্চুরিতে প্রথম দিনে দাপুটে স্কোরে টাইগাররা
ছবিঃ সংগৃহীত।
ওয়ানডে সিরিজের পর এবার ৪ দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে দাপট দেখিয়েছে টাইগাররা। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান তোলে স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করেন দুই ওপেনার। ১২ রান করে রিজওয়ান আউট হলে ভাঙে এই জুটি।
একপ্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলতে থাকেন আশিকুর রহমান শিবলি। দ্বিতীয় উইকেটে আইচ মোল্লার সাথে ৬০ রানের জুটি গড়েন তিনি। টিয়ান ভ্যানের বলে ব্যক্তিগত ২৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন আইচ মোল্লা।
তবে সতীর্থদের আসা যাওয়ার মিছিলেও অবিচল থাকেন শিবলি। একপর্যায়ে তুলে নেন সেঞ্চুরিও। দলীয় ১৭৩ রানে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন শিবলি। আউট হওয়ার আগে ১৪৩ বলে ১৬টি চার এবং ১ ছক্কায় ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার।
শিবলির আউটের পর ব্যাট হাতে ব্যর্থ হন আরিফুল। এরপর শেষ বিকালে আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর সাথে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন প্রীতম কুমার।
দিনশেষে শাহাদাত অপরাজিত আছেন ১২১ বলে ৪২ রানে। অন্য প্রান্তে ৩১ রানে অপরাজিত আছেন প্রীতম। দক্ষিণ আফ্রিকার টিয়ান, আন্দিলে এবং টেসপো শিকার করে একটি করে উইকেট।