ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং বাকি ১৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হবে।

বুধবার (২১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রস্তাব অনুমোদন পায়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। এছাড়া পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কে জে এস বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে এম তানজীব-উল-আলম ও খন্দকার আতিক-ই-রাব্বানী সভায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এজিএমে উপস্থিত ছিলেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারী সভায় অংশ নেন এবং বিভিন্ন আলোচ্য বিষয়ের ওপর মতামত দেন।

সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক অগ্রগতি এবং নতুন উদ্যোগ, বিশেষ করে ইসলামী ব্যাংকিং চালুর পরিকল্পনার প্রশংসা করেন। তারা বলেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও ব্যাংক যেভাবে লভ্যাংশ ঘোষণা করেছে এবং কৌশলগত পরিকল্পনা নিয়েছে, তা ইতিবাচক।

সভায় উত্থাপিত সব প্রস্তাব সম্মতিক্রমে গৃহীত হয়।