এবার রাজনীতি প্রসঙ্গে মতামত জানালেন বাপ্পারাজ

এবার রাজনীতি প্রসঙ্গে মতামত জানালেন বাপ্পারাজ

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পর্দায় এখন আর তেমন ব্যস্ত নন। অভিনয় জীবন থেকে সরে গিয়ে নিজেকে গড়েছেন একজন ব্যবসায়ী হিসেবে। সম্প্রতি অভিনয়শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে মন্তব্য করেছেন এ অভিনেতা।

বাপ্পারাজ বলেন,

আমরা আওয়ামীলীগ, বিএনপির মত রাজনৈতিক দলের অনুষ্ঠানে অসংখ্যবার দাওয়াতে অংশ নিয়েছি। ছবি তুলেছি। কিন্তু কখনও তো আমাদের পেছনে পুলিশ দৌঁড়ায়নি। আমি মনে করি, যখনই আপনি রাজনৈতিক দল থেকে কোনো সুবিধা নিতে যাবেন তখনই জটিল পরিস্থিতির তৈরি হবে।

শিল্পীদের কখনও রাজনীতিতে যোগ দেয়া উচিত নয়। যদি কেউ রাজনীতিকে বেছে নেন, তবে অভিনয় থেকে দূরে সরেই সে পথে তার হাঁটা উচিত। তা না হলে নানা দিক থেকে সুযোগ দেয়া বা নেয়ার বিষয়টি এসে যায়। এমন পরিস্থিতি থেকেই এখন অনেক অভিনয়শিল্পী বিপদে পড়ছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতি প্রসঙ্গে বলতে গিয়ে নায়করাজ রাজ্জাক পুত্র বলেন, প্রায়ই দেখি শিল্পীদের সংগঠনগুলো

একটা দলের চাটুকার হিসেবে কাজ করে। আর এজন্য শিল্পীদেরই স্বার্থ রক্ষায় কাজ করতে পারে না। অথচ এমনটা হওয়ার কথা নয়।

নিজের প্রসঙ্গে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, আমি কখনো রাজনীতি করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। নিজের পেশাগত কাজটাতেই মনযোগ দিতে চাই সব সময়।

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন বাপ্পারাজ। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে সিনেমায় আসেন। বাপ্পারাজের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।