কিশোরগঞ্জে চোরাই গরুসহ পিকআপ জব্দ

কিশোরগঞ্জে চোরাই গরুসহ পিকআপ জব্দ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে ৬টি চোরাই গরুসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।রোববার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে গরুসহ পিকআপটি জব্দ করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল মুশুল্লি এলাকা থেকে ভোর রাতে একটি পিকআপে করে গরু নিয়ে যাচ্ছিল একটি চোর চক্র। এ সময় চেকপোস্টে টহলরত পুলিশ পিকআপটিকে সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয়। সংকেত দেওয়ায় চেকপোস্ট থেকে কিছু দূরে গরু বোঝায় পিকআপ রেখে চোরচক্র পালিয়ে যায়। পরে ছয়টি গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে গরুর মালিকদের কাছে গরু হস্তান্তর করা হবে।