বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের: স্মারকলিপি পেশ
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: যশোরে দারুল আরকাম ইবতদোয়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীদের বেতন-ভাতা দেয়া ও প্রকল্প অনুমোদনসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
২৬ মে রবিবার ১১ টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় দেশের প্রতি উপজেলায় দুটি করে সর্বমোট ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করে। প্রথমে ইসলামকি ফাউন্ডশেনের শিশু ও গণশিক্ষার অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হতো। পরবর্তীতে ২০২০ শিক্ষাবর্ষে ‘দারুল আরকাম ইবতদোয়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ নামে আলাদা প্রকল্প করা হয়। সেই থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রকল্পের মাধ্যমে বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ হত। ২০২৪ সালে প্রকল্পের প্রথম পর্যায় শেষ হলেও ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসাগুলো চালানোর নির্দেশ দেয়। সেই অনুযায়ী ২০২৫ সালে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান করা হচ্ছে। কিন্তু শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না।
বাঘারপাড়ার বাররা দারুল আরকাম ইবতদোয়ী মাদ্রাসার শিক্ষক রিদওয়ানুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী আমরা শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমরা এই অবস্থার অবসান চাই।
স্মারকলিপি প্রদানকালে যশোরের ১৬টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়করা উপস্থিত ছিলেন।