চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ছবি : প্রতীকি
কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্ৰামের বাসিন্দা নিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান বলেন, আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তোফায়েলের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আমাদের কাছে একটি খবর এসেছে। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।