পুকুরে গোসলে নেমে ২ বোনের মৃত্যু
ছবি : প্রতীকি
ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে ২ চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু ডুবে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান।
জানা যায়, আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে ২ বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুরে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি।