সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষক প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (২৮ মে) বুধবার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের কার্যক্রম সম্পন্ন করেছে।
নিহত ওই বৃদ্ধ কৃষকের নাম মোকছেদ মোড়ল (৭০)। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী শেখ এর ছেলে। তাকে বিভিন্নভাবে মারপিটসহ মাথায় ইট দিয়ে আঘাতের ক্ষত প্ওায়া গেছে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানান, মুড়াগাছা মাঠে মোকছেদ মোড়ল এর ধানের জমিতে প্রতিবেশী ছিদ্দিক মিয়ার গরু ধান খেয়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় সিদ্দিকের পরিবারের সাথে মোকছেদ মোড়লের কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সিদ্দিকের বাড়ির লোকজনসহ স্থানীয় সিয়াম, আক্তারুলসহ আরো ৪/৫জন মোকসেদ মোড়লের ওপর হামলা করে। হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মোকছেদ মোড়লের মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৯ মে সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। এদিকে বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন এজাহার জমা হয়নি।