মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় ইন্টার মায়ামির

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় ইন্টার মায়ামির

ছবি : সংগৃহীত

সম্প্রতি ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছিল ইন্টার মায়ামি। তবে মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়লকে বড় ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ পর জয়ে ফিরেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ সময় সকালে সিএফ মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে দুটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ। পাশাপাশি একটি করে অ্যাসিস্টও করেন দুজন।

এদিন মায়ামির মাঠে অবশ্য শুরুটা মন্ট্রিয়লেরই ভালো ছিল। অষ্টম মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিলেন ন্যাথান সালিবা। তবে বাঁকানো শটটি পোস্ট ঘেঁষে বাইরে যায়।

২৭তম মিনিটে ব্যবধান গড়ে দেন মেসি। সের্হিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু কোনাকুনি শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৫৯তম মিনিটে মাঝমাঠ থেকে জাদুকরী এক পাস দেন মেসি। তাদেও আইয়েন্দে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ৬৮তম মিনিটে মন্ট্রিয়লের দান্তে সিলির শট রক্ষা করে দলকে বিপদমুক্ত করেন মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। 

পরের মুহূর্তেই আসে পাল্টা আক্রমণ, যেখান থেকে ম্যাচে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ—মেসির নিখুঁত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজ ফিনিশিংয়ে।

৭১তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেলের ভুলে আরও একটি গোল তুলে নেন সুয়ারেজ, এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এই ম্যাচের আগে এমএলএসে সুয়ারেজের গোল সংখ্যা ছিল মাত্র দুই। এবার ডাবল গোল করে সেই বিবর্ণতার জবাবও দিলেন উরুগুইয়ান তারকা। বিশেষ করে প্রথম গোলটি ছিল তার ক্যারিয়ারের ৫০০তম ক্লাব গোল।

৭৪তম মিনিটে বক্সের মধ্যে থেকে জটলার মধ্য দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান দান্তে সিলি। ৮৭তম মিনিটে আবারও দৃশ্যপটে আসেন মেসি। এবার সুয়ারেসের সঙ্গে ওয়ান-টু খেলে মন্ট্রিয়লের রক্ষণ ভেদ করে গোলকিপারের ওপর দিয়ে দারুণ চিপ শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ে মন্ট্রিয়ল আরেকটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমায়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে মায়ামি।

এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে উঠেছে ইন্টার মায়ামি। বিপরীতে ১৬ ম্যাচে মাত্র এক জয় পাওয়া মন্ট্রিয়ল ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।