তীব্র গরমে হাজিদের জন্য সৌদির সতর্কবার্তা

তীব্র গরমে হাজিদের জন্য সৌদির সতর্কবার্তা

ছবিঃ সংগৃহীত।

হজ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। চলতি বছর আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজ।

এ বছর যারা হজ করবেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)।

শুক্রবার (৩০ মে) এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিন্মে ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে; রাতের বেলায় এই তাপমাত্রা ওঠানামা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে যুক্ত হতে পারে বালুঝড়ও। 

এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে বালুঝড় ঘটতে পারে। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছেন তিনি।
এনসিএম বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকেন।