খুব সহজে বেসিন-সিঙ্কের পাইপের ময়লা পরিষ্কার করবেন যেভাবে

খুব সহজে বেসিন-সিঙ্কের পাইপের ময়লা পরিষ্কার করবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত।

রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের বেসিন আমরা মাঝেমাঝে পরিষ্কার করলেও পাইপ নিয়মিত পরিষ্কার করার কথা ভাবি না। অথচ রোজকার নোংরা জমে জমে পাইপের মুখ অনেকটাই সরু হয়ে আসে।

খুব বেশি জমে গেলে মুখ বন্ধ হয়ে পানি যেতে অসুবিধাও হয়। পানি উপচে তখন আবার আরেক কেলেঙ্কারি বাঁধে। তাই মাঝেমাঝে যদি পরিষ্কার করে নেন, তা হলে এই অঘটন আটকানো সম্ভব। তবে লোক লাগিয়ে পাইপ পরিষ্কার করার ঝক্কি অনেক। সেসব করারও প্রয়োজন নেই। কী করে ঘরোয়া উপায়ে বেসিন বা সিঙ্কের পাইপ পরিষ্কার করবেন জেনে নিন।

প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করতেই হবে। রান্নাঘর নোংরা থাকলে, এখান থেকে জীবাণু ছড়াতে পারে। এখান থেকে বাড়ির সদস্যদের মধ্যে নানা রোগ বা সংক্রমণ দেখা দিতে পারে। ঘটনাচক্রে সবচেয়ে বেশি নোংরা হয় রান্নাঘরের সিঙ্ক। আর এখান থেকে ছড়ায় রোগ-জীবাণু।  

মাছ-মাংস, সবজি, ফল ইত্যাদি ধোয়া, বাসন মাজা সব কাজই হয় রান্নাঘরের সিঙ্কে। মাঝেমধ্যেই সিঙ্কের পাইপে মাছ-মাংসে টুকরো, মাছের আঁশ, ডিমের খোসা, শাকসবিজ খোসা, চা পাতা ইত্যাদি আটকে যায়। এতে যেমন দুর্গন্ধ বেরোয়, তেমনই জীবাণুর আঁতুড়ঘর হয়ে ওঠে। তার ওপর পানি বেরোতে চায় না। সিঙ্কে পানি জমতে শুরু করে। এই সমস্যা দূর করতে ঘরোয়া টোটকার সাহায্য নিন।  

একটি কাপে অর্ধেক লবণ ও বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি সিঙ্কের পাইপের মুখে ঢেলে দিন। এবার ভিনিগার মাইক্রোওয়েভে গরম করে নিয়ে সিঙ্কের ওপর ঢেলে দিন। এরপর আধ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর গর পানি দিয়ে সিঙ্ক পরিষ্কার করুন। এতে পাইপের মধ্যে আটকে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি সিঙ্কের দাগছোপ, দুর্গন্ধও দূর হয়ে যাবে।

এ ছাড়া একটি প্লাঞ্জার কিনে রাখতে পারেন। এই পাম্পিং টুল সহজেই সিঙ্কের পাইপকে পরিষ্কার করে দেবে। এটি পাইপে জমে থাকা ময়লা এক নিমেষে বের করে দিতে পারে। গরম পানি ঢেলে প্লাঞ্জার দিয়ে পরিষ্কার করুন। যখনই রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করবেন, গরম পানি ব্যবহার করবেন। এ ছাড়া সিঙ্ক পরিষ্কারের জন্য গুঁড়ো সাবান ব্যবহার করতে পারেন।

রান্নাঘরের সিঙ্ক ও বেসিনের কাজ শেষ হলে কিছুটা গরম পানি ঢেলে দিন। লিকুইড সাবান অথবা ভিনেগারের সঙ্গে একটু পানি মিশিয়ে সিঙ্ক ভালো করে মুছে নিলেই আর দুর্গন্ধ ছড়ানোর ভয় থাকবে না।