ধামরাইয়ে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে শয়ন কক্ষ থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নারগিস আক্তার (৪২), তার দুই ছেলে মো. শামিম মিয়া(১৮), ও সোলাইমান (৭)। বড় ছেলে মিঠু ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোন কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।
এই বিষয়ে মৃত নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে মায়ের কাছে বার বার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে তার স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ীতে চলে আসেন। এসে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে তিনি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন মাসহ দুই ভাইয়ের লাশ পরে আছে।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিজ ঘর থেকে মাসহ দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ তিনটি ময়না তদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকা প্রেরণ করা হবে বলে জানান তিনি।