টিকটক ভিডিওর মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে
ছবিঃ সংগৃহীত
টিকটক ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ভিডিওর মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল সাইবার অপরাধী।
‘‘ক্লিকফিক্স’’ নামে পরিচিত এক কৌশল ব্যবহার করে ‘‘ভিডার’’ ও ‘‘স্টিলসি’’ নামের ইনফোস্টিলার ম্যালওয়্যার ছড়াচ্ছেন তারা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদন অনুযায়ী, টিকটকে ক্যাপকাট ও স্পটিফাইয়ের প্রিমিয়াম সুবিধা বিনা মূল্যে ব্যবহারের পদ্ধতি নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে। এসব ভিডিওতে একধরনের পাওয়ারশেল কমান্ড যুক্ত করে দেয় সাইবার অপরাধীরা। ভিডিও দেখাদেখি কেউ যদি কোডগুলো লিখে, তাহলে ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটার বা স্মার্টফোনে ইনফোস্টিলার ম্যালওয়্যার প্রবেশ করে। এসব প্রশিক্ষণ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হলেও এগুলো অনেকবার ডাউনলোড করা হয়েছে।
‘‘ভিডার’’ ম্যালওয়্যার ব্যবহারকারীর তথ্য যেমন- ডেস্কটপের স্ক্রিনশট, লগইন তথ্য, ক্রেডিট কার্ড, কুকি, টেক্সট ফাইল, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাপ ‘‘অথি’’তে সংরক্ষিত তথ্য চুরি করলেও ‘‘স্টিলসি’’ ম্যালওয়্যার বিভিন্ন ওয়েব ব্রাউজার ও ডিজিটাল ওয়ালেটের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে তা পাঠাতে থাকে।
উল্লেখ্য, ‘‘ক্লিকফিক্স’’ হলো একটি প্রতারণামূলক কৌশল, যেখানে ত্রুটি শনাক্ত বা ক্যাপচা যাচাইয়ের বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের কম্পিউটার বা মোবাইল ফোনে ম্যালওয়্যার ইনস্টল করানো হয়। সাধারণত উইন্ডোজ ব্যবহারকারীদের লক্ষ্য করে এ কৌশল বেশি ব্যবহার করা হলেও সম্প্রতি ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মেও এ ধরনের হামলা শনাক্ত করা যাচ্ছে।
সূত্র: ইনফো সিকিউরিটি ম্যাগাজিন ও ব্লিপিং কম্পিউটার