ময়মনসিংহে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি।
ময়মনসিংহের ভালুকায় একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার থেকে মরদেটি উদ্ধার করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাবিনা আক্তারের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন। স্বপন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের কুটেরচর গ্রামের বাসিন্দা। তবে তারা ভালুকার সিডস্টোর উত্তর বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঈদের দিন থেকে সাবিনা ও স্বপনের মোবাইল ফোন বন্ধ ছিল। স্বজনরা খোঁজখবর নিতে এসে ঘর তালাবদ্ধ দেখতে পান। এরপর জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে সাবিনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
স্বপন মিয়া তার স্ত্রীকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান ওসি।