সাঁতার শেখাতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু
প্রতিকী ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয় ইউনিয়নের বাথুয়া গ্রামে ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে আপন চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- নাছির উদ্দীন চৌধুরী (৫২) ও তার ভাতিজা আরিয়ান চৌধুরী (১৪)। মৃত আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে নাছির উদ্দীনের ছোট ভাই আইয়াছ উদ্দীন বাহারের ছেলে। তাছাড়া, পৃথক ঘটনায় পানিতে পড়ে আরেক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি সূত্রে আইয়াজ উদ্দিন বাহার রাউজানে চুয়েটের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষ্যে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে চাচা নাছির উদ্দীন ভাতিজা আরিয়ানকে নিয়ে গোসল করতে নিজেদের বাড়ির পুকুরে নামেন। দীর্ঘসময় ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুজনকে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন তাদের দ্রুত পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল কান্তি দাশ বলেন, দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এরপরও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আমাদের ধারণা, ঘটনাস্থলেই তারা মারা গেছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। সাঁতার শেখাতে ভাতিজাকে নিয়ে পুকুরে নেমেছিলেন চাচা।