আমি বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই: দিব্যা দত্ত
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে। অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’
অভিনেত্রী দিব্যা দত্ত বলিউডের অনেক জনপ্রিয় তারকার মতো বিয়ে না করার সিদ্ধান্তে অটল। সালমান খান ও সুস্মিতা সেনের মতো তিনিও অবিবাহিত থেকেই জীবন উপভোগ করছেন। তবে একজন অর্থবহ সঙ্গীর খোঁজে রয়েছেন দিব্যা।
দিব্যার পরবর্তী সিনেমা ‘নাস্তিক’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ ও হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। যদিও এখনো এর মুক্তির তারিখ জানানো হয়নি।
দিব্যা জানান, অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন। তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ—যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। তিনি বলেন, ‘এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’
বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে দিব্যা বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে ভ্রমণে যেতে পারি। আর যদি সেটাও না হয়, তাহলেও আমি পুরোপুরি সুখী। একবার এক বন্ধু আমাকে বলেছিল, “তুমি কেন বিয়ে করো না? তুমি তো সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল।” আমি বলেছিলাম, “সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!” এমন একটা সময় ছিল, যখন মনে করতাম সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটা ভুল ধারণা ছিল। এখন আর আমি আমার অনুভূতি বাইরে প্রদর্শন করি না।’