ইসরায়েলি টার্গেটে আয়াতুল্লাহ আলী খামেনি!
আয়াতুল্লাহ আলী খামেনি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এমন অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে গুপ্তহত্যার পরিকল্পনার সম্ভাবনার কথা উঠে এসেছে। ইসরায়েল এ বিষয়ে এখনই কিছু নিশ্চিত না করলেও, এই ধরনের অভিযানকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না বলেই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের বলেছেন—তারা যুদ্ধ শুরু করেছেন এবং তা থামবে দুইভাবেই। একদিকে ইরান যদি স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে, আর না হলে এমন অবস্থার সৃষ্টি করা হবে যাতে তারা ভবিষ্যতেও তা পুনরায় শুরু করতে না পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার সম্ভাবনা অস্বীকার করছে না ইসরায়েল। তবে এমন পদক্ষেপ নেয়ার বিষয়টি নির্ভর করছে নির্দিষ্ট পরিস্থিতির ওপর।
ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২-এর বিশিষ্ট সাংবাদিক অমিত সিগালও এক রাজনৈতিক সূত্রের বরাতে একই ধরনের খবর দিয়েছেন। সূত্রটি জানিয়েছেন, ইসরায়েল খামেনিকে গুপ্তহত্যার বিষয়টি ‘একেবারেই অস্বীকার করছে না’। যদিও কবে, কীভাবে বা আদৌ এমন কিছু ঘটবে কি না—তা এখনো নির্দিষ্ট নয়।
এর আগে, গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েল আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়।
এছাড়া নিহত হন দেশটির নয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও। ইরানি পক্ষ একে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখছে এবং এর জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল