৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

ফাইল ছবি

গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। 

রোববার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে চারটি বাস, একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের উদ্ধারকালে সেখানে আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। 

রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।