লিখিত পরীক্ষার দেড় বছর পর ফল পাচ্ছেন ৪৫তম বিসিএস প্রার্থীরা
ফাইল ছবি
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৪৫তম বিসিএস পরীক্ষার্থীদের। প্রায় দেড় বছর আগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল অবশেষে প্রকাশের দ্বারপ্রান্তে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন ফল প্রকাশ করা হবে।
প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। পিএসসি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওই দিন ফল প্রকাশিত হবে। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা (ভাইভা) নিয়ে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় প্রতিষ্ঠানটি।
এর আগে, ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এক বছরের মধ্যেই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন পথে চলে যায়। আবেদন নেওয়া, প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মধ্যে সময় নষ্ট হয় দীর্ঘ এক বছর।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশগ্রহণ করেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী। ফল প্রকাশ করা হয় মাত্র ১৭ দিনের মধ্যে। উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
এরপর ২০২৩ সালের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার দিন নির্ধারিত হলেও, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থীরা নিরাপত্তার শঙ্কায় পরীক্ষা পেছানোর দাবি জানান। সে অনুযায়ী পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় ২০২৪ সালের জানুয়ারিতে।
লিখিত পরীক্ষা শুরু হয় ২৩ জানুয়ারি এবং শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় সাড়ে ১৬ মাস পার হয়ে গেলেও ফল প্রকাশ করতে পারেনি পিএসসি।
প্রথমদিকে দ্রুত প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন যে গতি দেখিয়েছিল, তা ধরে রাখা সম্ভব হয়নি। ফলে হতাশ হয়েছেন পরীক্ষার্থীরা।
যদিও পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান নিশ্চিত করেছেন, কমিশনের রোডম্যাপ অনুযায়ী ১৯ জুন ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। তবে এমন বাস্তবতায় বিসিএস শেষ হতে সময় লেগে যাবে প্রায় তিন বছর ছয় মাসের মতো।
৪৫তম বিসিএসে মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২ হাজার ৩০৯ জনকে। এছাড়া নন-ক্যাডারে নিয়োগের জন্য রাখা হয়েছে আরও ১ হাজার ২২টি পদ।