যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ১ম বর্ষের দেশি-বিদেশী ছাত্রীদের ফ্রেশার রিসিপশন ও অনার্সপ্রাপ্তদের সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ১ম বর্ষের দেশি-বিদেশী  ছাত্রীদের ফ্রেশার রিসিপশন ও অনার্সপ্রাপ্তদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

টিআই তারেক: আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের নবীন দেশি-বিদেশী ছাত্রীদের ফ্রেশার রিসিপশন এবং বিভিন্ন সময় অনার্স প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠান উপলক্ষ্যে নানা রংয়ের বেলুন, ফুল ও ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের আগমনে প্রতিষ্ঠনটিতে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করে।
১৭ জুন ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জাতীয়ভাবে সারাদেশে একযোগে ১১৬টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন প্রোগ্রামে জুমে অংশ নেয় আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। যার উদ্বোধন করেন অন্তর্বর্তিকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 
জুম সংযোগ শেষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক।
অধ্যাপক ডা. আফিকুর রহমান বলেন, একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে তার কর্মে যাবে না কবরে যাবে, তা নির্ভর করে চিকিৎসকের যোগ্যতার ওপর। এজন্য মেডিকেলের প্রথমবর্ষ থেকে ফাউন্ডেশন মজবুত করতে হবে। তাহলে এমবিবিএস পরবর্তি ডিগ্রী অর্জনে সহায়ক হবে। তিনি নবীন ছাত্রীদের ভাল চিকিৎসক হবার পাশাপাশি ভাল মানুষ হবার আহবান জানান।  


সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।
অনুষ্ঠানে প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এসময় নবীন ছাত্রীদের চোখে মুখে ছিল মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণের অদম্য উচ্ছাস। নবীনদের শপথ বাক্য পাঠ করান ফাইনাল ইয়ারের ছাত্রী ফারিয়া ইয়াসমিন। 
এছাড়া বিভিন্ন বর্ষের অনার্স প্রাপ্ত ছাত্রীদের ক্রেস্ট এবং ফুল উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. এসএম আবু আহসান, অধ্যাপক আবেদ আলী, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, অধ্যাপক ডা. মারুফা আখতারসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ। অধ্যয়নরত এবং নবীন ছাত্রীদের সাথে তাদের অভিভাবকরাও অনুভ‚তি ব্যক্ত করেন। 


২০২৪-২৫ শিক্ষাবর্ষে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ১৪তম ব্যাচে ৭৫জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৫৫জন দেশি এবং ২০ জন ভারতীয় ছাত্রী রয়েছেন। 
মানবসেবার মহান ব্রত নিয়ে স্বাস্থ্য সেবায় নিজেদের অবদান রাখার এক বুক স্বপ্ন নিয়ে মেডিকেল অধ্যয়ন যাত্রা শুরু হল বলে মনে করেন নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। 
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মেডিকেল ফাইনাল ইয়ার ছাত্রী ফারিয়া ইয়াসমিন ও চতুর্থ বর্ষের শমন্তি শারমিন দোলা।