কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

ফাইল ছবি

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মো. সাহাব উদ্দিন এবং মো. সরোয়ার আলম।

মামলার নথি অনুযায়ী- ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ও সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিন উখিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৩৮ ধারায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি সাহাব উদ্দিন গ্রেফতারের পর থেকেই কারাগারে থাকলেও সরোয়ার আলম জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।