ছয় বছরের চুক্তিতে বার্সায় আসছেন নিকো
ছবি: সংগৃহীত
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দলবদলের বাজারে বড় চমক নিয়ে হাজির হয়েছে। ক্লাবটি এবার তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে দলে টানছে স্প্যানিশ তরুণ তারকা নিকো উইলিয়ামসকে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে রাজি হয়েছেন এই ২২ বছর বয়সী অ্যাথলেটিক বিলবাও উইঙ্গার।
লা মাসিয়া থেকে উঠে আসা বিস্ময়কর প্রতিভা লামিন ইয়ামাল এর সঙ্গে আগামী মৌসুমে বার্সার আক্রমণে দেখা যাবে উইলিয়ামসকে। এই দুই তরুণ তারকার রসায়ন মাঠে বার্সার আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের।
রোমানোর রিপোর্ট অনুযায়ী, নিকো উইলিয়ামস বার্সেলোনার প্রস্তাবে মৌখিকভাবে রাজি হয়েছেন। যদিও এখনও ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক আর্থিক আলোচনা বাকি রয়েছে। বার্সায় যোগ দিলে প্রতি মৌসুমে ৭ থেকে ৮ মিলিয়ন ইউরো বেতন পাবেন নিকো।
নিকো উইলিয়ামসকে বার্সায় আনার পরিকল্পনা নতুন নয়। গত মৌসুমেই তাকে দলে টানতে চেয়েছিল কাতালান ক্লাবটি। তবে, তখন দানি ওলমোকে দলে নেওয়ার পর বাজেট ঘাটতির কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয় তারা।
কিন্তু নতুন মৌসুম শুরুর আগে বার্সা যেন আবার ফিরে এসেছে পুরনো লক্ষ্যেই। এবার তারা নিজেদের ভবিষ্যৎ আক্রমণভাগ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ, দ্রুতগামী ও ট্যাকটিক্যালি পরিণত নিকো উইলিয়ামস বার্সার ডানপ্রান্তে ইয়ামালের সঙ্গে এক জুটি গড়তে পারেন।