এনবিআরের আন্দোলন প্রত্যাহার চাইলেন অর্থ উপদেষ্টা
ড. সালেহউদ্দিন আহমেদ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেছেন, আন্দোলনকারীরা বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি সবাই সিনিয়র অফিসার, কমিশনার। তারা রেসপন্সিবল। যারা আন্দোলন করছে তাদের বেশিরভাগই তাদের সঙ্গে কাজ করেন।
ড. সালেহউদ্দিন বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক করে সমস্যার সমাধান করব। সমাধানের লক্ষ্য আলোচনা চলছে, আরও আলোচনা হবে। আমরা যাচ্ছি না, তবে আন্দোলনকারী কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন।
তিনি আরও বলেন, তারা সিদ্ধান্ত দিলে আশাকরি আজকের মধ্যেই একটা ভালো সমাধান পাওয়া যাবে। ভার্চুয়ালি ও মোবাইল ফোনে আলোচনা চলছে।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, আন্দোলন করলে তারা রাজস্ব আদায়ের কাজটাও ভালোমতো করছেন। ব্যাপারটা এমন না যে সব কাজ বন্ধ হয়েছে। তাদের উদ্বেগগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তা সমাধান হবে। আন্দোলনকারীরা আপনার অপসারণ দাবি করছেন এমন প্রশ্নে কোনো কথা বলতে চাননি এনবিআর চেয়ারম্যান।