যশোর থেকে ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতিসহ ৭ জন নিহত; আহত ১২

যশোর থেকে ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে  বাস দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতিসহ ৭ জন নিহত; আহত ১২

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে ঢাকায় যওয়ার পথে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সংগঠনের ইউনিয়ন সভাপতিসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

২৮ শনিবার জুন ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলেন, যশোরের মধুগ্রাম আড়পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মুজাহিদ জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ থানার ইনসান আলির ছেলে ও নোয়াপাড়া ইউনিয়নের  ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার আব্দুল জলিল (৬৫), ডাক্তার আব্দুল হালিম (৫৫), ইসলামী আন্দোলন যশোর জেলা দায়িত্বশীল মাওলানা মোস্তফা (৩৪) মুফতি আব্দুর রহমান (৫২) মুফতি আবু বকর (৪৩) এবং পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব (৩২)।

এ ঘটনায় আহত ১০/১২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা খায়। তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করছে।