যশোরে নির্মানাধীন ভবনের কার্নিশ ভেঙ্গে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত

যশোরে নির্মানাধীন ভবনের কার্নিশ  ভেঙ্গে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোর সার্কিট হাউজপাড়ায় ডেভেলপার বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে নিচে পড়ে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত হয়েছেন।

১ জুলাই মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানি ৯তলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস পাড়ায়। ওই এলাকায় ইকবাল মঞ্জিলের পাশের ঐ নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ পরিদর্শন করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান , দিনাজপুরের বাসিন্দা সাইড ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা শ্রমিক নুরু সহ আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১২ টায় ছয় তলার কার্নিশ ভেঙে তারা পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল রহমান ও শ্রমিক নুরু। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় কেউ আহত হয়নি।

এলাকাবাসী জানায় বিল্ডিংটি খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় । তারা আরও জানায় ভবনটি তৎকালীন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় গড়ে উঠেছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই ভেঙ্গে দেয়া দাবি তাদের।

লাশ সদর হাসপাতাল মর্গে আছে।এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, “ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”