মুরাদনগরে পর্নোগ্রাফি মামলায় চার যুবকের ৩ দিনের রিমান্ড
সংগৃহীত ছবি
কুমিল্লার মুরাদনগরের বহুল আলোচিত নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া চারজন হলেন সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ জুন রাতে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করেন এবং অভিযুক্ত যুবক ফজর আলীকে মারধর করেন।
পরে গত শনিবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা করেন। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পুলিশ চার যুবককে গ্রেপ্তার করে।
এ ছাড়া ধর্ষণের ঘটনায় করা মামলায় ফজর আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।