মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের কেরানিপাড়া মোড় এলাকায় একটি ভবনের ১০ তলার ছাদ থেকে নিচে পড়ে আদিব আদনান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শিশুটি শামসুল হক স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।

মৃতের বড় ভাই রেদওয়ান ফাহিম বলেন, সন্ধ্যায় আমাদের বাসার বিড়াল রুমে না দেখে ছোট ভাই আদিব আদনান বিড়াল খুঁজতে ১০ তালার ছাদে যায়। সেখানে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতাল পরে সেখান থেকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত আদিব আদনান বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে মাতুয়াইল কেরানিপাড়ায় মিজানুর রহমানের ১০ তলা বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।