পাকিস্তানে ভবন ধসে নিহত ৪, আহত ৬
ছবিঃ সংগৃহীত।
পাকিস্তানে করাচির লিয়ারির বাগদাদি এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে কমপক্ষে ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত চারটি মরদেহ ও ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তুলনামূলকভাবে হালকা ও তারা চিকিৎসা নিচ্ছেন।
সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটি সূত্রে জানা গেছে, ধসে পড়া ভবনটি প্রায় ৩০ বছরের পুরোনো এবং দীর্ঘদিন ধরে জীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল আগেই, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।