ইরান থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি
সংগৃহীত ছবি
ইরানের রাজধানী তেহরান থেকে দ্বিতীয় ধাপে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই বিমানপথে শারজাহ হয়ে ৮ জুলাই ঢাকায় পৌঁছাবেন তারা।
এ ছাড়া ৩০ জনের আরেকটি দলকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় দল ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।
তবে ইরানের পরিস্থিতি আগের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩০ জনের দলটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।
উল্লেখ্য, এর আগে ২৮ জনের প্রথম বাংলাদেশি গ্রুপ প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান হয়ে গত ১ জুলাই ঢাকায় পৌঁছায়।
অবৈধরা ফিরতে চাইছে
ইরানে প্রায় ২ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের একটি বড় অংশ ফেরত আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অবৈধভাবে অবস্থান করা প্রায় ২০০ বাংলাদেশি দেশে ফেরত আসার ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে একটি সূত্র।
ওই সূত্র জানায়, বর্তমানে ইরান কর্তৃপক্ষ অবৈধদের থাকার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এরমধ্যে বাড়িভাড়া না দেওয়া এবং কজের সুযোগ না থাকার বিষয়ও রয়েছে। ফলে অনেকে ফেরত যাওয়ার জন্য চেষ্টা করছে।