অবমুক্ত করা হলো ৩৩ অজগর ছানা

অবমুক্ত করা হলো ৩৩ অজগর ছানা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিমভাবে ফোটানো ৩৩টি অজগর ছানা অবমুক্ত করা হয়েছে ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে।

শুক্রবার (৪ জুলাই) বন বিভাগের সহায়তায় ছানাগুলো অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, এটি চিড়িয়াখানার ষষ্ঠ দফা ইনকিউবেটরে অজগরের ডিম থেকে বাচ্চা ফোটানোর ঘটনা। এর আগে, পাঁচ দফায় মোট ৮০টি অজগর ছানা ফোটানো হয়েছিল। এবার যুক্ত হলো আরও ৩৩টি।

তিনি জানান, গত ৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে সংগ্রহ করা ৪৫টি ডিম ইনকিউবেটরে রাখা হয়। এরপর দুই ধাপে—১১ থেকে ১৩ জুন ১৭টি এবং ২১ থেকে ২৪ জুন ১৬টি অজগর ছানা ফোটে। বাচ্চা ফুটতে সময় লেগেছে গড়ে ৬৮-৬৯ দিন।

চিড়িয়াখানার হিসাব অনুযায়ী, ২০১৯ সালে ২৫টি, ২০২১ সালে ২৮টি, ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি এবং ২০২৪ সালে ৩৫টি অজগর ছানা ইনকিউবেটরে ফোটানো হয়েছে। সর্বশেষ ৩৩টি যুক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়াল ১৪৮টিতে। এর মধ্যে ১১৩টি ছানা ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

ডা. শুভ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।