মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন

অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গ লড়াই শেষে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কেলি। 

গত ৪ জুলাই জুলিয়ানের স্ত্রী ডেডলাইন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবর জানান। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

প্রযোজক প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন’ এক পোস্টে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
 
১৯৬৮ সালে সিডনিতে জন্মগ্রহণ করেন ম্যাকমাহন। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদর্শন হওয়ায় খুব অল্প সময়েই পরিচালকদের নজরে পড়েন। অভিনয় জীবনের শুরুতে অস্ট্রেলিয়ার টেলিভিশনে অভিনয় করলেও জীবন শেষ দিকে যুক্তরাষ্ট্রে টেলিভিশনে অভিনয় করেন।

জুলিয়ান ম্যাকমাহন ‘চার্ম’ সিরিজে কোল টার্নার নামের এক দানব চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পান। এ সিরিজটি ২০০০-২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনে প্রচারিত হয়।

অভিনেতার মৃত্যুর পর ‘চার্ম’ সিরিজের সহ-অভিনেত্রী আলিসা মিলানো সামাজিকমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আমি ভেঙে পড়েছি। সে যে আমাদের মাঝে নেই তা বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য লাগছে। তাঁর চলে যাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেল। শান্তিতে থাকো বন্ধু। তোমার হাসিমুখ আমি সবসময় মনে রাখব।’

অভিনয় জীবনে ম্যাকমাহন বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিরিজের দুটি ছবিতে খল চরিত্র অভিনয় করেন জুলিয়ান। সাম্প্রতিককালে তিনি নিকোলাস কেজের সঙ্গে ‘The Surfer’ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

অভিনেতাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রেসিডেন্স’ ওয়েব ফিল্মে। এ ওয়েব সিনেমায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেন জুলিয়ান।