ভুয়া চিকিৎসক আটক করায় পুলিশ কনস্টেবল সোহেল রানাকে পুরস্কার

ভুয়া চিকিৎসক আটক করায় পুলিশ   কনস্টেবল সোহেল রানাকে পুরস্কার

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: ভুয়া চিকিৎসক আটক করায় পুলিশ কনস্টেবল সোহেল রানাকে পুরস্কৃত করল জেলা পুলিশ।  

৯ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ নূর -ই- আলম সিদ্দিকী), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),  আবুল বাশার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম   সহ জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানতে চাইলে কনস্টেবল সোহেল রানা সাংবাদিকদের বলেন, সঙ্ঘবদ্ধ একটি চক্র মেডিকেল এ্যাপ্রোন পরিধান করে চিকিৎসক সেজে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে প্রতারণা করে আসছে এমন একাধিক অভিযোগ আমার কাছে আসতে থাকে। কয়েক মাস চেষ্টার ফলে এ সিন্ডিকেটের একজন সদস্যকে হাতে নাতে ধরতে সক্ষম হই।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। তবে এ স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

প্রসঙ্গত, গত ৭ জুলাই সোমবার  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক সিন্ডিকেটের সদস্য আব্দুর রহিম রাকিবকে হাতে নাতে আটক করেন পুলিশ সদস্য সোহেল রানা।