গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেবে সরকার
ফাইল ছবি।
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ১৮ জুলাই দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের বর্ষপূর্তিতে এবার ভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।ডিজিটাল স্বাধীনতা ও জনগণের আকাঙ্ক্ষা স্মরণে আগামী ১৮ জুলাই মোবাইল গ্রাহকদের এক জিবি করে বিনামূল্যে ইন্টারনেট দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি বুধবার মোবাইল অপারেটরদের চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই এক জিবি ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় নেয়া এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে ডিজিটাল অধিকার ও স্বাধীনতা রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। অপারেটরদের গ্রাহকদের আগাম এসএমএস পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে অপারেটরদের সহযোগিতা প্রয়োজন। কমিশন অপারেটরদের যথাযথ বাস্তবায়নের অনুরোধ করেছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, “আমরা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে ইচ্ছুক। এখন আমরা বিটিআরসির চিঠি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।”
তবে অন্য একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের দেওয়া বিনা মূল্যের এই ডেটার ওপর কর দিতে হবে কি না—এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন। তিনি বলেন, “ট্রান্সমিশনসহ অন্যান্য ডেলিভারি ব্যয়ও অপারেটরদের বহন করতে হবে। বিটিআরসির উচিত পরিষ্কারভাবে জানানো, অন্য স্টেকহোল্ডাররা এই উদ্যোগে কীভাবে সহযোগিতা করবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা সৃষ্টি হয়েছিল। এবার সেই দিনের বার্ষিকীতে সরকার ‘ডিজিটাল স্বাধীনতার’ বার্তা দিতে চায় ভিন্নভাবে।