বিপিএমসিএ নির্বাচন কেন্দ্রে সাবেক মেয়র আরিফুল হকের অনুপ্রবেশ; প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিদের

বিপিএমসিএ নির্বাচন কেন্দ্রে সাবেক মেয়র আরিফুল হকের অনুপ্রবেশ; প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিদের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যনিবাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক কেন্দ্রে অনুপ্রবেশ করার প্রতিবাদ জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। বেলা ১২টার দিকে আরিফুল হক কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের উপেক্ষা করে কেন্দ্রে প্রবেশ করেন। তিনি দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করে বেলা ২টার দিকে বের হয়ে যান। কী কারণে তিনি কেন্দ্রে প্রবেশ করেছিলেন সে প্রশ্নের উত্তর দেননি। নির্বাচনে মহিউদ্দিন - মুকিত পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর ডা. আবদুস সবুর লিখিতভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বহিরাগত কারো ভোটকেন্দ্রে প্রবেশে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছেন। তা সত্বেও একজন হেভিওয়েট ব্যক্তি বলপূর্বক কেন্দ্রে প্রবেশ নির্বাচনীবিধির লঙ্ঘন। এটা কোন ষড়যন্ত্র কীনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

এদিকে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও আকস্মিক এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৫-২৭ সালের জন্য বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের এ নির্বাচনে ১১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

নির্বাচনে ডা.মহিউদ্দিন -মুকিত পরিষদ এবং আফরোজা - মোয়াজ্জেম পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।