জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে যশোরে বিএনপির বৃক্ষ রোপন
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: বৃক্ষ রোপণের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর জেলা বিএনপি।
২০ জুলাই রোববার শহরের পৌর উদ্যানে এবং উপশহর পার্কে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জেলার প্রতিটি শহীদদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষণ রোপণ কর্মসূচির উদ্বোধণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় তিনি বলেন, জুলাই -২০২৪ বর্ষপূতি উপলক্ষে বিএনপি ৩৬ দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান এই স্লোগানে দেশ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন,আমরা তাদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করি। তাদের জীবনদানের মাধ্যমে আজ আমরা গণতন্ত্রের পথে একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। তাদের অবদান চিরকাল ধরে রাখার জন্য এবং আগামী প্রজন্ম তাদেরকে যেন মনে রাখে তার জন্য প্রত্যেক শহীদদের নামে একটি করে গাছ লাগানো হবে।
অনুষ্ঠানে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সীমীত সামর্থ্যরে মধ্য থেকে শহীদদের স্মরণ করার চেষ্টা করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের নামে একেকটি সরকারি প্রতিষ্ঠানের নাম করণ করতে চান। যাতে করে নিজ নিজ অঞ্চলের মানুষ শহীদদের নাম স্মরণ করতে পারে।
সভাপতিত্ব করেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন প্রমুখ।