কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া কয়েদি এস এম আব্দুল হক (৭০) মারা গেছেন।
রোববার (২০ জুলাই) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল হক কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কারাবন্দি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ১৬৬৪/এ। বাবার নাম ইমান আলী।
এস এম আব্দুল হককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. উজ্জ্বল জানান, দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল হক। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।