প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা আসামির জমি বিক্রি করে ওই কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
১৩ বছর বয়সী ওই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। আর সাজাপ্রাপ্ত আসামি নুরুদ্দিন মোল্যার বাড়ি (৫৭) রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের জয়পুর হাট গ্রামে।
জেলা আলাদা হলেও তারা উভয়ে প্রতিবেশী বলে জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. রেজাউল কবির খান বাচ্চু। তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই সময়ে স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে আটক করে। আর কিশোরীকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরের দিন কোতয়ালী থানায় মামলাটি করেন কিশোরীর বাবা।
এ মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা সমাজের জন্য হুমকি স্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।