গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত বেড়ে ২
ছবি : প্রতীকি
গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আব্দুল্লাহ নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় নিহত মারা গেছেন।
বুধবার (২৩ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল্লাহ। এ নিয়ে এ ঘটনায় দুইজন সন্দেহভাজন দুই গরু চোর নিহত হয়েছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন— কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় গরুর মালিক শামসুদ্দিন মোল্লা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। চোরদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার, চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করা হয়। এসময় স্থানীয়রা চোর চক্রের চারজনকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক অপর তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান আব্দুল্লাহ।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে মঙ্গলবার শান্ত নামে একজন ও বুধবার ভোরে আব্দুল্লাহ নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহত শান্তর ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া গরু চুরির অভিযোগে কৃষক শামসুদ্দিন মোল্লা অপর একটি মামলা দায়ের করেছেন।